বেশ তো, যদি চাও, খালি হাতেই নেট্ লের পাতা তুলে
নেট্ ল্ টি বানিয়ে দেবো তোমার জন্যে,
হাত জ্বললেও মালিশ করবো না ডক্ পাতার রস |
কিন্তু এক শর্তে—
তোমাকে কাছে দাঁড়িয়ে থাকতে হবে,
আমি যে দস্তানা ব্যবহার করছি না তার সাক্ষী হিসেবে |
পারবে
ভিডিও তুলে নিতে
ডকুম্নেটেশন স্বরূপ?
প্রথমেই ব’লে দিচ্ছি—
কাজটা বিকেলের আগে হবে না,
কেননা তার আগে সেরে নিতে হবে রাতের রান্না |
ওভাবে নেট্ ল্ তোলার পর
সেদিন আর কোনো কাজ করতে পারবো না—
হাত জা জ্বলবে |
বিকল্পে তোমার দোকান থেকে
কিনে আনতে পারো ফিশ্ এন্ড চিপ্ স্—
যা তোমাদের অভিরুচি |
খাবারটা সে-রাত্রে তোমরা নিজেরাই বেড়ে নিও তা হলে,
আমার জন্যে জায়গা করার দরকার নেই |
বাসনগুলো ধোয়ার সময়ে
তোমরা কিন্তু রবারের দস্তানা প’রে নিতে ভুলো না,
নয়তো ঐ টগ্ বগে গরম জলে আর কড়া ডেটার্জেন্টে
হাত জ্বলবে তোমাদেরও |
একটা ছোট্ট অনুরোধ : রেকর্ডপ্লেয়ারে
চালিয়ে দিও এলগারের প্রথম সিম্ফনিটা,
বারান্দার দিকের কাঁচের দরজাটা যেন একটু খোলা থাকে |
তোমরা যখন খেতে বসবে আমি তখন
বাইরে ব’সে
তারার দ্যুতিকে আমার নগ্ন নির্জন হাতের
স্নিগ্ধ ব্যান্ডেজ ক’রে
শুনবো কিভাবে সেই সংগীতের স্বরগুলি
একসার অভিজ্ঞ শেরপার মতন
বাহিত ভার তুচ্ছ ক’রে
সুনিয়ন্ত্রিত পদক্ষেপে
ধীরে ধীরে পাহাড়ে উঠছে |

মন্তব্য করতে ক্লিক করুন