( কবীর সুমন এর গান কে নিয়ে লেখা কবিতা )
একে কাল হৈল মোর দুর্মর পরান,
আর কাল হৈল মোরে সুমনের গান |
নবীনতার ডঙ্কানাদে বধির থাকে কান,
সুমন দিলেন বয়স্করেও সঙ্গত সম্মান |
যৌবনেরই রঙ্গ, না কি মাঝবয়সের রস,
না জানি তফাৎ, নিত্য বাড়ে অপযশ |
অলিন্দ-বাহিরে কালের দুরন্ত ঘর্ঘর,
চশমায় কুয়াশা তবু বসন্ত বর্বর |
দুঃখ করেন অবধান, দুঃখ করেন অবধান,
জাগে সকল কন্দ, ডাকে এপ্রিল-উদ্যান |
ফুটে এমারিলিস, ঢালে রক্তরসের ঝারি,
বর্তমানে পুরাতনে ভেদ বুঝিতে নারি |
ভাসে ছুটির নাও, কাঁপে ভরা খালের বারি,
কোমর দোলাইয়া নাচে পপ্ লারের সারি |
চড়াই ঠোঁট দেয শামুকে, বিড়াল ঢুঁড়ে চড়াই,
কাননে অরণ্যে একই জান বাঁচানের লড়াই |
অন্দরে সদর হেরি, সদরে অন্দর,
ভাবের বাণিজ্যে ভরি ভাষার বন্দর |
একে কাল হৈল মোরে সুমনের গান,
আর কাল হৈল যিনি গান শোনাইয়া যান |

মন্তব্য করতে ক্লিক করুন