জীবন এক বিস্ময়, যেন নদীর মতো
চলছে নিরন্তর ভাঙাগড়া।
কোনো কষ্টই স্থায়ী নয়,
কোনো সুখও ঠিক তাই।
জীবনের নিশ্চয়তা শুধুই জীবন,
বেঁচে থাকাই এক অমোঘ নিয়তি,
বেঁচে থাকাটাই জীবনের সার্থকতা।
সময়ের স্রোত প্রবাহমান,
স্থানভেদে গতি এবং আচরণ ভিন্ন।
আমি শুধু দুঃখ পাবো, এবং শুধুই সুখ!
তা কখনো হয় না, হবে না,
জীবনে সব থাকে সমান সমান।
প্রকৃতি বৈষম্য পছন্দ করে না,
আমরা তৈরি করি সকল অসমতা-অন্যায়,
আর জুলুমের সিংহাসন।
দুঃখ একদিন শেষ হবে,
সুখও হারিয়ে যাবে একদিন,
এবং আমিও;
এখানে কিছুই স্থায়ী নয়।
প্রকৃতি শূন্যতা পছন্দ করে না,
যে নদী ভাঙে;
সে নদী গড়ে অন্য কোনো দিকে,
ভেঙে বিলীন হয়ে হারিয়ে যায় না,
আমাদের জীবনও তাই,
ভেঙে, নতুন করে গড়ে আরও বিন্যস্তরূপে।
জীবনে ভাঙাগড়ার এরূপ কীর্তন চলবে, তবে
যদি জীবন থাকে, শ্বাস-প্রশ্বাস প্রবাহিত হয়, যেনো
তুমি ভালো আছো; এটাই তোমার জীবনের সার্থকতা।
সময় ঠিকই তোমাকে মেরামত করে দেবে,
আশা হারিয়ো না,
যিনি সৃষ্টি করেছেন, তিনিই পথ দেবেন,
গড়বেন সবকিছু উত্তমরূপে,
টিকে থাকো, এটাই জীবন—
এখানেই জীবনের আসল অর্থ নিহিত।
জীবনকে ব্যর্থ হতে দিও না।

মন্তব্য করতে ক্লিক করুন