কবিতা — নিয়তির হাসি

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

কারো চাওয়া আর না-চাওয়া—
তোমার কি আসে যায়?
পাওয়া আর না-পাওয়ার খোঁজ
তুমি রেখেছ কোথায়?
আঁধারের চোখে এসে নিয়ে যাও
সময়-অসময়ের ফল;
কে আছে কেমন, কোন সুখে বাঁচে,
আছে কার চোখে জল!

কিবা আসে যায় নিরস জিহ্বায়
পান করে হলাহল?
হে নিয়তি, নিকস সময়ের সাথী—
বিষম তীক্ষ্ণ খুরাধার।
সময়ের বজ্রে নিখুঁদ প্রহার— লয় হয়
অনন্ত বিশ্বে সবার।

নীরবে কাঁদে পাষাণ অন্ধ হৃদয়ে
বিরাগ অশ্রুজলে,
শতাব্দী ধরে ক্ষয়ে ক্ষয়ে বেদনায়
ভাঙা ধূলিতলে।
সময়ের প্রহর গুনে অনুকণা চিনে
নিয়ে যাও দিন অবসানে;
কলি এসে শাখাতে হলো কি না ফুল,
নিয়তির হয় নাকো ভুল—
চলমান অবিরতি, নির্মম নিয়তি
নিয়ে যাও কুঁড়ি কিবা ফুল।

তুমি নিয়ে চলে যাও সাথে করে
নিশ্চিত নিয়তির ফল;
কার লাগি কেবা কোথা কাঁদে বসে,
মোছে কেবা আঁখিজল!
কিবা আসে যায়, শুধু গুন সময়ের পল—
প্রেম কিবা ভালোবাসা,
পিতা-মাতা, সন্তান, কেবা রয় কোথায়,
তব বিরহিত আশা।

কে প্রেমী, কেবা প্রেয়সী— বন্ধু-স্বজন,
চির নির্মম নিরাশি!
প্রেমের লাগি ধরায় আসি, করে লয়
তোমার নিষ্ঠুর হাসি।
ভেঙেচুরে ক্ষয়ে সব, লুপ্ত হয়ে যায়
সময়ের অবসানে;
নির্মম নিরাশি, তোমার আনন্দের হাসি
শুধু ধ্বংসের শ্মশানে?

৪৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা