শাশ্বত এই পৃথিবীতে কেউ কভু একা বাঁচতে পারে না,
প্রকাশে না থাকুক, ছায়ার মতো কল্পনায় মিশে থাকে কেউ।
মানুষ বড় বিচিত্র!
স্রষ্টার সৃষ্টিকে আমৃত্যু অবহেলা আর আঘাত দিয়ে—
আবার সেই স্রষ্টারই সন্ধানে আজীবন বিরামহীন করে খোঁজ।
আমিও বেঁচে আছি, পৃথিবীর সব নিয়ম মেনেই;
তফাত শুধু—আমার দেহ বাঁচে, আর আত্মা মরে রোজ।
আফসোস! কেউ নিলো না তো তার খোঁজ।
জীবন এক চলন্ত যান, গন্তব্যহীন এক অন্তহীন পথ;
চলার পথে কতো সহযাত্রীর সাথে দেখা হয়,
ক্ষণিকের আলাপে পাশের সিটটা ভরিয়ে তোলে কেউ—
আবার গন্তব্য এলে ঠিকই ধুলো উড়িয়ে বিদায় নেয় সেও।
চেনা মুখগুলো অচেনা ভিড়ে হারিয়ে গেলে বুঝি—
দিনশেষে নিজের পথটুকু নিজেকেই একাকী পাড়ি দিতে হয় রোজ।
সবাই যার যার মতো চলে যাবে, কেউ নেবে না তো খোঁজ।
মাঝে মাঝে নিঃসঙ্গতার প্রহরগুলো বড় দীর্ঘ মনে হয়,
স্মৃতির আয়নায় নিজেকে দেখে চমকে উঠি আজ—
তীব্র হাহাকারে ভাবি, ‘কী ছিলাম আর কী হয়ে গেলাম আজ!’
