মায়াবী বন্ধনে
শংকর ব্রহ্ম
একদিন ভোরে উঠে জেনে যাব জীবনের মানে,
প্রিয় প্রভাত এসে বলে দেবে কানে
জীবনের বিস্তার কোথায়?
একদিন বাতাসের স্নিগ্ধতাও
আমাদের বুঝে নিতে দেবে,জীনের রহস্য কোথায়,
কেন যে প্রেমের ফাঁদ পাতা থাকে বিশ্ব-ভুবনে?
রাতের শিশির এসে একদিন বলে দেবে ডেকে,
তুমি কেন মাঝে মাঝে দূরে থেকে,আমাকে কষ্ট দাও ,
নিজেও দুঃখ কম কিছু পাও না তা’ত যে।
একদিন বর্ষার মেঘ এসে আমাকে যে ডেকে নিয়ে,
চলে যাবে দূরে আর আমি আসব না ফিরে।
একদিন আজানের সুরে
আকাশের নক্ষত্ররা সব কেঁপে উঠবে ভোরের বাতাসে,
জীবনের রক্ত প্রবাহে এত সব আশ্চর্য বিস্তার,
আর গোপন রহস্য যত রয়ে গেছে বলে
আজও তাই বেঁচে থাকা, আগামী স্বপ্নের কথা ভাবা,
নতুবা থোরাই তোয়াক্কা করি, জীবনের মায়াবী বন্ধনে।