সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - বন্দী

সুনীল গঙ্গোপাধ্যায়
মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ অন্যান্য কবিতা

বাইরে খেলায় মেতেছিল যারা
তারাই আমাকে ছি ছি করে গেল
আমার দুহাতে শিকল
আমাকে বলল সবাই
–কতকাল তুমি বিকেল দেখনি?
নারীর হাস্যে আকাশে ছড়ালো ফিকে লাল রং
বন্ধুরা সব নানা উৎসবে মেতে আছে আজ
অথচ আমার দুহাতে শিকল
আমাকে বলল সবাই
–কতকাল তুমি বিকেল দেখনি?

হাওয়ায় রয়েছে বারুদগন্ধ, কোথায় এখনও যুদ্ধে চলেছে
অথচ বাইরে সকলেই সুখী, সবারই জামায় আতর গন্ধ
প্রণয়মুগ্ধ শরীর ড়ুবেছে ঝর্নার জলে
শিশুকে আদর, ছবি ছবি খেলা সকলই রয়েছে

অথচ আমার দু’হাতে শিকল
আমি শুধু এক শান্তিকালীন বন্দীর মতো
ঘরের দেওয়াল ছোট হয়ে আসে
ঘোর হয়ে আসে নীরব নীলিমা
আমাকে বলল সবাই
–কতদিন তুমি বিকেল দেখনি?

পরে পড়বো
২১৫
মন্তব্য করতে ক্লিক করুন