বাতাসের ফুসফুসে এখন
কার্বনের বদলে জমে থাকে মহাজনী সালফিউরিকের দাহ!

বনলতার চোখে বহুদিন
প্রেম নয়, ঘুমিয়ে আছে নিষ্ক্রিয় নাইট্রেটের নির্বাকতা।

আমার পূর্বপুরুষেরা
রক্তের আইসোটোপ হয়ে ভেসে গেছে
ভিটেমাটির দ্রবীভূত ইতিহাসে;
তবু মাটির গভীরে জেগে আছে
এক অদৃশ্য তাহরিরের আগুন।

শুনে রাখো, স্বৈরাচার ,
ক্ষুধার প্রতিটি অণুর ভেতর
নিষিদ্ধ এক সূর্য গোপনে নিউক্লিয়াস বাঁধে;
প্রতিটি শিরায়, প্রতিটি অনাহারে
বিপ্লবের রাসায়নিক সংকেত জ্বলে ওঠে।

একদিন মানুষের রক্তের
অতৃপ্ত ও অবিনশ্বর রসায়ন
তোমার সাম্রাজ্যের সমস্ত ধাতব অহংকার গলিয়ে দিয়ে
ফিরে যাবে মাটির প্রাথমিক সূত্রে।

আর ইতিহাসের পরীক্ষাগারে
তোমার নাম পড়ে থাকবে
এক মুঠো অবশেষ-ছাই হয়ে।
........... ........