আবার যদি ফিরতে চাই এই দরদালান
এই বাগানকুঠি ছেড়ে তোমার ঐ ডুমুর গাছের
ছায়ায় , বন্ধু , তুমি কি আমাকে জায়গা ছেড়ে দেবে?
পথের শেষ নেই , এই দরদালান অনন্ত ,এই
বাগান সীমাহীন , এতগুলো থাম তুমি জন্মেও
দেখোনি,এত শিউলি,এত যুঁই, এত আম ,
জামরুল , এত আমি --এ তোমার সবগুলি
চোখ একসঙ্গে মেলে দিলেও ধরা পড়বে না ,
এত পায়রা আসে এ--বাড়ির ছাদে , এত
খরগোশ এ-বাগানের গর্তে-গর্তে ,বন্ধু , তোমার
ডুমুর গাছের ছাউনি থেকে তুমি এর কণাটুকুও
জানতে পাবে না --এত বুড়ো-বুড়ো কালবোস
এদের কালো দীঘিতে!
সবকিছু ছেড়ে দিয়ে , দিনরাত পথ চ'লে ,
দিনরাত দিনরাত সব পথ একা চ'লে চ'লে
যদি আমি ফের ফিরতে চাই , বন্ধু , তোমার
ডুমুর গাছটি কি ছায়া দেবে?