দুটি বোন তারা হেসে যায় কেন
যায় যবে জল আনতে।
দেখেছে কি তারা পথিক কোথায়
দাঁড়িয়ে পথের প্রান্তে।
ছায়ায় নিবিড় বনে
যে আছে আঁধার কোণে
তারে যে কখন্ কটাক্ষে চায়
কিছু তো পারি নে জানতে।
দুটি বোন তারা হেসে যায় কেন
যায় ঝবে জল আনতে॥
দুটি বোন তারা করে কানাকানি,
কী না জানি জল্পনা!
গুঞ্জনধ্বনি দূর হতে শুনি,
কী গোপন মন্ত্রণা!
আসে যবে এইখানে
চায় দোঁহে দোঁহা-পানে,
কাহারো মনের কোনো কথা তারা
করেছে কি কল্পনা।
দুটি বোন তারা করে কানাকানি
কী না জানি জল্পনা॥
এইখানে এসে ঘট হতে কেন
জল উঠে উচ্ছলি।
চপল চক্ষে তরল তারকা
কেন উঠে উজ্জ্বলি।
যেতে যেতে নদীপথে
জেনেছে কি কোনোমতে
কাছে কোথা এক আকুল হৃদয়
দুলে উঠে চঞ্চলি।
এইখানে এসে ঘট হতে জল
কেন উঠে উচ্ছলি॥
দুটি বোন তারা হেসে যায় কেন
যায় যবে জল আনতে।
বটের ছায়ায় কেহ কি তাদের
পড়েছে চোখের প্রান্তে।
কৌতুকে কেন ধায়
সচকিত দ্রুত পায়।
কলসে কাঁকন ঝলকি ঝনকি
ভোলায় রে দিক্ভ্রান্তে।
দুটি বোন তারা হেসে যায় কেন
যায় যবে জল আনতে॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন