মনে পড়ে সেই আষাঢ়ে
ছেলেবেলা
নালার জলে ভাসিয়েছিলেম
পাতার ভেলা।
বৃষ্টি পড়ে দিবস-রাতি,
ছিল না কেউ খেলার সাথি,
একলা বসে পেতেছিলেম
সাধের খেলা।
নালার জলে ভাসিয়েছিলেম
পাতার ভেলা॥
হঠাৎ হল দ্বিগুণ আঁধার।
ঝড়ের মেঘে
হঠাৎ বৃষ্টি নামল কখন
দ্বিগুণ বেগে।
ঘোলা জলের স্রোতের ধারা
ছুটে এল পাগল-পারা,
পাতার ভেলা ডুবল নালার
তুফান লেগে—
হঠাৎ বৃষ্টি নামল যখন
দ্বিগুণ বেগে॥
সেদিন আমি ভেবেছিলেম
মনে মনে,
হতবিধির যত বিবাদ
আমার সনে।
ঝড় এল যে আচম্বিতে
পাতার ভেলা ডুবিয়ে দিতে
আর কিছু তার ছিল না কাজ
ত্রিভুবনে।
হতবিধির যত বিবাদ
আমার সনে॥
আজ আষাঢ়ে একলা ঘরে
কাটল বেলা।
ভাবতেছিলেম এতদিনের
নানান খেলা।
ভাগ্য-’পরে করিয়া রোষ
দিতেছিলেম বিধিরে দোষ—
পড়ল মনে নালার জলে
পাতার ভেলা।
ভাবতেছিলেম এতদিনের
নানান খেলা॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন