কোন্ দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল ?
কোন্ দেশেতে চলতে গেলেই
দলতে হয় রে দুর্বা কোমল ?
কোথায় ফলে সোনার ফসল,
সোনার কমল ফোটে রে?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরই বাংলা রে !
কোথায় ডাকে দোয়েল শ্যামা
ফিঙে গাছে গাছে নাচে ?
কোথায় জলে মরাল চলে,
মরালী তার পাছে পাছে ?
বাবুই কোথা বাসা বোনে
চাতক বারি যাচে রে ?
সে আমাদের বাংলাদেশ
আমাদেরই বাংলা রে !
কোন্ ভাষা মরমে পশি
আকুল করি তোলে প্রাণ ?
কোথায় গেলে শুনতে পা'বো
বাউল সুরে মধুর গান ?
চন্ডীদাসের রামপ্রসাদের
কন্ঠ কােথায় বাজে রে ?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরই বাংলা রে !
কোন্ দেশের দুর্দশায় মোরা
সবার অধিক পাই রে দুখ ?
কোন্ দেশের গৌরবের কথায়
বেড়ে ওঠে মোদের বুক ?
মোদের পিতৃপিতামহের
চরণধূলি কোথায় রে ?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরই বাংলা রে !
কবিতা — কোন্ দেশে
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
দেশাত্মবোধক কবিতা
১০২৪১
এআই বিশ্লেষণ (মূলভাব)
'কোন্ দেশে' একটি বিখ্যাত দেশাত্মবোধক কবিতা। এতে কবি নিজ দেশের শ্যামল রূপ, প্রাকৃতিক সৌন্দর্য, পাখির গান, বাউল সুর এবং ঐতিহ্যময় সংস্কৃতির অতুলনীয় প্রশংসা করেছেন। মাতৃভূমির গৌরব ও পিতৃপুরুষের স্মৃতিবিজড়িত এই বাংলার প্রতি গভীর ভালোবাসা ও আবেগই কবিতার প্রধান উপজীব্য।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম