‘তারপর আট মাসের মেয়েটিকে ভাসিয়ে দিয়ে যুবতী বধূটিও…’
মনে হয় অনেকদিনই
সে কিছু বলছিল না
ভেবেছে অভাব তো নেই
দড়িরও না কলসিরও না!
যদি জল সামনে থাকে
অতলে বাঁধবে তাকে
সাত না– হাজার পাকে
জলে কি মন ছিল না?
ভেবে সে অনেকদিনই
কিছু আর বলছিল না।
‘আমি কি মানুষ নিয়ে
কেবলই পুতুল খেলি?’
বলে সে ‘আয়রে পুতুল
জলে আজ তোকেই ফেলি!
আহা রে নতুন চোখে
একদিন কোন্ আলো-কে
দেখে তুই কিসের ঝোঁকে
জড়াবি বিয়ের চেলি
তার চেয়ে আয় মামণি
আগে আজ তোকেই ফেলি!’
তারপর বিসর্জনের
জোড়া ঢাক পাড়ায় পাড়ায়
এ-রকম ঘটেই থাকে
ভেবে লোক কষ্ট তাড়ায়
কিছুদিন স্থির থাকে জল
ছবিও দেয় অবিকল
কবে ফের মত্ত মাদল
সে-জলের গ্রাসকে নাড়ায়
ভেবে সব খুঁজছে পুতুল
মেয়েদের পাড়ায় পাড়ায়!
কবিতা — মেয়েদের পাড়ায় পাড়ায়
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪
প্রেমের কবিতা
২৮৪৫
এআই বিশ্লেষণ (মূলভাব)
মেয়েদের পাড়ায় পাড়ায় কবিতাটিতে এক অবহেলিত নারীর চরম ট্র্যাজেডি ফুটে উঠেছে। চরম মানসিক যন্ত্রণা ও জীবনের কষাঘাতে এক মা তার কন্যাসন্তানকে বিসর্জন দিয়ে নিজে আত্মহত্যার পথ বেছে নেয়। সমাজ এই বিয়োগান্তক ঘটনাকে সাময়িক দুঃখ প্রকাশ করে ভুলে যায়। নারীর অবস্থান ও সমাজের নিষ্ঠুর উদাসীনতার বিরুদ্ধে এটি এক শক্তিশালী প্রতিবাদ।