একলা হয়ে দাঁড়িয়ে আছি
তোমার জন্য গলির কোণে
ভাবি আমার মুখ দেখাব
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।
একটা দুটো সহজ কথা
বলব ভাবি চোখের আড়ে
জৌলুশে তা ঝলসে ওঠে
বিজ্ঞাপনে, রংবাহারে।
কে কাকে ঠিক কেমন দেখে
বুঝতে পারা শক্ত খুবই
হা রে আমার বাড়িয়ে বলা
হা রে আমার জন্মভূমি!
বিকিয়ে গেছে চোখের চাওয়া
তোমার সঙ্গে ওতপ্রোত
নিওন আলোয় পণ্য হলো
যা-কিছু আজ ব্যক্তিগত।
মুখের কথা একলা হয়ে
রইল পড়ে গলির কোণে
ক্লান্ত আমার মুখোশ শুধু
ঝুলতে থাকে বিজ্ঞাপনে।
কবিতা — মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
সোমবার, ২০ নভেম্বর ২০২৩
প্রেমের কবিতা
২৯৩৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
শঙ্খ ঘোষের 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' কবিতাটি আধুনিক পুঁজিবাদী সমাজের বিজ্ঞাপনী জৌলুস ও মানুষের একাকীত্বের এক নিখুঁত চিত্রায়ন। কবি দেখিয়েছেন কীভাবে বিজ্ঞাপনের কৃত্রিম আলোয় মানুষের ব্যক্তিগত আবেগ, আন্তরিকতা ও মৌলিক সত্তা হারিয়ে পণ্য হয়ে উঠেছে। বাণিজ্যিক নগরজীবনে সত্যিকারের মানবিক সম্পর্কগুলো ম্লান হয়ে গেছে এবং মানুষ কেবল একটা ক্লান্ত মুখোশে পরিণত হয়েছে।