বাসের হাতল কেউ দ্রুত পায়ে ছুঁতে এলে আগে তাকে প্রশ্ন করো তুমি কোন্ দলে
ভুখা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো তুমি কোন্ দলে
পুলিশের গুলিতে যে পাথরে লুটোয় তাকে টেনে তুলবার আগে জেনে নাও দল
তোমার দুহাতে মাখা রক্ত কিন্তু বলো এর কোন্ হাতে রং আছে কোন্ হাতে নেই
টানেলে মশালহাতে একে ওকে তাকে দেখো কার মুখে উলকি আছে কার মুখে নেই
কী কাজ কী কথা সেটা তত বড় কথা নয় আগে বলো তুমি কোন্ দল
কে মরেছে ভিলাইতে ছত্তিশগড়ের গাঁয়ে কে ছুটেছে কার মাথা নয় তত দামি
ঝন্ঝন্ ঝনঝন্ নাচ হবে কোন্ পথে কোন্ পথ হতে পারে আরো লঘুগামী
বিচার দেবার আগে জেনে নাও দেগে দাও প্রশ্ন করো তুমি কোন্ দল
আত্মঘাতী ফাঁস থেকে বাসি শব খুলে এনে কানে কানে প্রশ্ন করো তুমি কোন্ দল
রাতে ঘুমোবার আগে ভালোবাসবার আগে প্রশ্ন করো কোন্ দল তুমি কোন্ দল
কবিতা — তুমি কোন্ দলে
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪
বিবিধ কবিতা
২৬৫৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতায় অন্ধ রাজনৈতিক দলাদলি এবং মানবিক মূল্যবোধের পতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা, বিচার চাওয়া বা ভালোবাসার মতো মৌলিক মানবিক বিষয়গুলোও আজ দলীয় পরিচয়ে বন্দী। চরম রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষের প্রতি সমবেদনা ও মানবিক হওয়ার তীব্র তাগিদই এই কবিতার প্রধান বক্তব্য।