গান মুহূর্তে ধুলোয় লুটিয়ে পড়ে
চারদিকে এত জম্পেশ খেলাধুলো
এরই মাঝখানে বয়ে যেতে হবে বলে
কানে তুলো আর পিঠেও বেঁধেছি কুলো।
তুমি ভেবেছিলে অপমান ছুঁড়ে যাবে
দুকথা শুনিয়ে সুখ পাবে ভেবেছিলে
চোখের আড়ালে অশ্বত্থের ডালে
ভেবেছ দু-পাখি মরে যাবে এক ঢিলে।
মরেওছে বটে। তবে সে আমার নয়
আমার পাখি তো লুকোনো নৌকোজলে।
অবশ্য জানি যা-কিছু লুকোনো আজ
সবই পেতে চাও ছলেবলেকৌশলে।
‘লজ্জাও নেই নিজের ও-মুখ দেখে?’
বলে ফোন রেখে দিয়েছ ঝনাৎ করে।
এ-বিষয়ে আর বেশি কিছু বলব না
যা বলার শেষ বলেছি একাক্ষরে।
খুবই দেখেশুনে বৈঠা বাইতে হবে
ওত পেতে আছে ঘাটে ঘাটে ঘড়িয়াল–
কবিতায় যদি গল্প লুকোনো থাকে
টপ করে তাকে গিলে নেবে সিরিয়াল।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন