এপিটাফ
আমানত উল্লাহ মানিক

এই নীরব নিস্তব্ধ শান্ত ভূমিতে
পাথরে খোদাই করা নামটুকু আজ
ঢাকা পড়েছে শেওলা আর ঘাসে।

একদা যে ছিলো প্রাণোচ্ছল,
দুরন্ত,কোলাহল মুখর,
আজ সে নিবির মৌনতায় চির ঘুমে
মৃত্তিকার গভীরে।

হয়তো লেখা নেই সেই খুদিত অক্ষরে
কতো স্বপ্ন ছিলো এই দুচোখের পরে;

ছিলো কতো কবিতা গান,
কতো গল্প রয়ে গেছে বাকী,
কালের ধুসর চাদরে
নিজেকে সে দিয়ে গেছে ফাঁকি।

দাড়াও পথিক
তুমি যেও না চলে অবহেলায়,
এই ধুসর শিলালিপির ধারে
একটু থামো ক্ষণিকের তরে;

এইখানে আছে লেখা
এক জীবনের শেষ উপসংহার ;
যে শুধু একটু ভালোবাসা আর
একটু প্রার্থনা চায়।

রচনাকাল -২৬-০১-২০২৬