Amarendra sen

কবিতা - আঁধার ডেকে বলবে তোমায় ভালোবাসি

Amarendra sen
শুক্রবার, ২০ মার্চ ২০২৬ প্রেমের কবিতা, রূপক কবিতা

লাল রঙের রক্ত-গোলাপ দিয়ে
রাঙিয়ে দিয়েছিলাম ভালোবাসা;
হৃদয় দিয়ে সত্বায় মিশে গিয়ে
সেই রঙ লেগেছিল রক্তবিন্দুতে।

কিন্তু সবুজ দিয়ে ফিরিয়ে দিলে,
বসন্তের ফুল অকাতরে ঝরালে —
ছিল কোন দৈন্যতা-জোয়ারের জলে
ভাটা নিয়ে এল হৃদয়ের সিন্ধুতে।

জীবনটা তো খুব ছোট, হয়তো আর—
কোনোদিন আসবে না সেই সুদিন;
যদি কখনো মনে হয় সত্যি তোমায়—
আমি বেসেছিলেম ভালো কোনোদিন;

এইখানে ফিরে এলে দেখবে তুচ্ছ ক্ষুদ্র—
জীবনের বাগানবাড়িতে নিজেকে সয়ে;
বুকের পাঁজরের টবে গোলাপি হৃদয়—
কেমন ফুটিয়েছে অপূর্ব ফুল গাছ হয়ে।

মধুর লোভে পাগল মন হয়েছে ভ্রমর,
গুনগুন রবে আসে ছুটে তাই বারবার;
ফুলগুলো সব কিন্তু সদ্য সতেজ দুর্বার—
সকাল-সন্ধ্যা নেই তাড়া ঝরে পড়ার।

ফুলের গন্ধ বাতাসে ছড়ায় কৌতুকের হাসি,
আঁধার ডেকে বলবে তোমায় ভালোবাসি।

পরে পড়বো
১১
মন্তব্য করতে ক্লিক করুন