Amarendra sen

কবিতা - সূরার ঘ্রাণ

Amarendra sen
বুধবার, ২৫ মার্চ ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

মনের জলসায় সুরার নাসিকাতে লেগে ঘ্রাণ,
ঝলসানো মাংসের পাতে চেয়েছিল লুটে নিতে প্রাণ।
গাছের কোটরে আদিম গুহায় নিত্য সংগ্রাম—
কঠোর প্রস্তর যুগে মানুষের, ঝিনুকে নরম প্রাণ;
সংকুল ঝঞ্ঝায় পথ হেঁটে আমৃত্যু বাঁচার রোখে,
পাষাণের বিছানায় শুয়ে সুখস্বপ্ন লুব্ধ চোখে।

মরু-বুকে চলে ঝড়— সলিলহীন, শুষ্ক, ঊষর;
যাত্রী মরীচিকা-মূর্ছনায় ছুটে মরণের পার।
পেয়ালা ভরাতে মনের হরিণ-চোখের উচ্ছ্বাসে—
কেবা আগে কেবা পিছে ছুটিতে চায় মরণ-আশে;
মান্ধাতার যুগে নিরাশার ভোগ হলো সুরা সার—
ইতিহাসে এক পাতায় থামে দম্ভের হিটলার;
সাগরের মাঝে মরণের ফাঁদে, রুক্ষ গিরিখাদে,
মরু-মাঝে থামি নাই মনের পেয়ালা নিয়ে হাতে;
শহরের কোণে খুঁজেছি গোপনে, গলির পাশে—
কোলাহলের শহরে, সুখবিলাস লাস ভেগাসে।

সুরায় বেদনাকে জানিয়ে দেবই চির বিদায়,
কত রাত-জাগা ঘুম-ভাঙা স্বপ্নের মধু-যামিনী;
সুরার পেয়ালা শূন্য হয় একে একে কত শত,
নতুন মোড়কে বানানো চমকের শত ভামিনী।

সুরার নেশায় ক্ষমতার জোরে কেউ কেড়ে খায়—
ধরণীর জন্মের অধিকার, শত মানুষের সুখ;
পেয়ালা ভরাতে মরিয়া বোঝে না কোনোদিন—
কে আপন কেবা পর, কোন ভাই পেল বুকে দুঃখ,
জানা-অজানায় সুরার লাগিয়া উদগ্র উন্মুখ।
ফিরি নিয়ে শুধু ধুলার মরীচিকা খুঁজতে গিয়ে;
ভরাতে চাই যা-কিছু খুঁজে খুঁজে পাই তাই দিয়ে—
ফিরি তবু রিক্ত শূন্য হাতে সেই পেয়ালা ভরাতে,
ন্যায়-অন্যায়ের জাল বুনে ব্যর্থতার বেদনাতে।

পরে পড়বো
৩৭
মন্তব্য করতে ক্লিক করুন