কবিতা — বানভাসি

শনিবার, ০৯ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

হাত বাড়ালেই কি আর সবসময় ছুঁয়ে ফেলা যায়—
মাথার ওপর ছেয়ে আছে ঘন কালো মেঘ,
চক্কর কাটছে প্রশাসনের হেলিকপ্টার আর
এক বুক জলে ত্রাণের প্রত্যাশায় ঊর্ধ্বমুখী বিপন্ন মানুষ।

ভেসে যায় খড়কুটো, ধ্বসে পড়ে গৃহস্থের সামান্য আয়োজন।
চোখের জল শুকিয়ে গেছে কবে, গায়ের জল আর,
শুকোতেই চায় না।
টেলিভিশনের দল আসে, কাগজের লোক আসে,
শহর থেকে স্বেচ্ছাসেবী আসে, আসে রং-বেরঙের নেতা।

জলের নিয়মে জল নেমে যায় একদিন,
যারা এসেছিল তারা ফিরে গেছে আগেই—
পড়ে আছে দু’কূল ছাপানো খিদে আর
রাশি রাশি ভারা ভারা বঞ্চনা।

৯৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা