কবিতা — জন্ম, মৃত্যু ও অদৃশ্য লেনদেন

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ বিবিধ কবিতা

— একজন মানুষের জন্ম মানে শুধু একটি প্রাণের আগমন নয়, বহু মানুষের লাভের ফল।
— জন্মতে লাভ? কেমন করে?
— নবজাতকের প্রথম কান্নার সাথে সাথে পিতা-মাতা, পরিবার সকলেই তার মধ্যে ভবিষ্যতের লাভ খোঁজে । সে একদিন আলো হয়ে উঠবে, তাদের সম্মান, তাদের পরিপূর্ণতা হয়ে ফিরে আসবে,এই লাভের আশায় তারা বেঁচে থাকে।
— তাহলে মৃত্যু কি শুধুই শূন্যতা? সেখানে কি কারো কোনো লাভ নেই? — (মৃদু হাসি) তুমি মৃত্যুতে শুধু সমাপ্তি দেখছ, অথচ সেখানেও এক অদৃশ্য লাভ চলমান।
— কেমন সেই লাভ?
— মৃত্যুর পরেও জীবন থেমে থাকে না, শুধু রূপ বদলায়। কেউ কাফনের ব্যবসায় লাভ খোঁজে, কেউ বৃষ্টিভেজা দিনে পলিথিন বিক্রিতে। চল্লিশার আয়োজনেও বাজারের চাকা ঘোরে। অর্থাৎ, একজনের প্রস্থানও অন্যের লাভের কারণ হয়ে ওঠে।
— তবে কি আমরা এই পৃথিবীতে আসি কেবল অন্যের উপকার বা লাভের মাধ্যম হয়ে?
— এক অর্থে, হ্যাঁ। আমরা অপরের লাভের উদ্দেশ্যেই বেঁচে থাকি। অথচ বিস্ময় এই, মানুষ কী বলবে এই ভেবে আমরা নিজেকে আটকে রাখি, অথচ আমরা নিজেরাই অন্য মানুষের চাহিদা ও লাভের ফল।
— মানুষের জীবনের পরিসর আসলে কতটুকু?
— জন্মের পর প্রথম যে আযান ধ্বনিত হয়, তাতে কি নামাজ আছে?
– না।
– আবার মৃত্যুর পর যে জানাযার নামাজ হয়, তাতে কি আযান আছে?
— তার মানে?
— মানুষের জীবন ঠিক সেই আযান আর নামাজের মধ্যবর্তী ক্ষণিক বিরতি।
– এই অল্প সময় আমরা তাহলে কি অন্যের লাভ তৈরীর জন্য বেঁচে থাকি?
– হ্যাঁ। আমরা অন্যের চাহিদা মতো নিজেকে আত্মপ্রকাশ করি।

১৩৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা