আমার একটা পাহাড় ছিল।
একাকিত্বের পুরোটা আমি ওর বুকে মাথা রেখে কাটাতাম।
কখনো মুখ ফিরিয়ে নেয়নি ও।
তোমার মুখের হাসি কিনবো বলে আমি অবলীলায় পাহাড়টা বেচে দিলাম।
বড্ড কষ্ট হয়েছিল, জানো?
কিন্তু তোমার হাসির কাছে এ কষ্ট নিতান্তই তুচ্ছ।
অভিমানে পাহাড়টা নত হয়ে গেল।
বারবার হয়তো মিনতি করে বলছিল— আমাকে বেচে দিও না।
কিন্তু তোমার প্রতি মহামায়ায় আমার কানে সেই শব্দটুকু আসেনি।
পাহাড় ছেড়ে আমি এখন নিতান্তই ভবঘুরে।
মাথা রাখার আশ্রয় বলতে এখন শুধু আছে তোমার দেওয়া হতাশা।
তোমার হাসির কাছে বেচে দিলাম আমার একাকিত্বের আশ্রয়।
নীলাম্বরী, আমার একটা নদী ছিল।
অথৈ জলে ভরা থাকত ওর বুকটা।
রঙিন পালে কত নৌকা চলত, গভীরে মাছদের সংসার ছিল।
তোমার দীঘল চোখের বিনিময়ে আমি বেচে দিলাম নীলাম্বরীকে।
অভিমানে সে শুকিয়ে গেল…
তোমার চোখের বিনিময়ে আমি এক বুক মরুভূমির মালিক।
এখন তেষ্টায় বড়ই কাতর থাকি।
নীলাভ রঙের একটা বাজরিগার ছিল।
কিচিরমিচির কলতানে মুখর থাকত চারিপাশ।
তোমার মধুর কূজন কিভাবে যেন ওর কলতানকে ভেদ করল,
যেমন বুনো নদী ভেদ করে প্রপাতকে।
তোমার প্রেমমায়ায় আমি বধির হয়ে বেচে দিলাম বাজরিটাকে।
এখন আমার চারিপাশ শ্মশানের ন্যায় নিস্তব্ধ।
শব্দ বলতে এখন শুনি তোমার দেওয়া ভর্ৎসনা।
আসমানের তারাও একদিন নিভে যায়,
রঙিন টিউলিপও একদিন ঝরে যায়।
শেষ বিকালের আলোর মতো নিভে যায় কিছু স্বপ্ন,
গাঢ় অন্ধকার ছাপিয়ে যায় আগামীর আশা।
আমার গ্রীষ্মের বদলে তোমার জীবনে আসুক বসন্তের রং,
বর্ষার বদলে আসুক শরতের আকাশ।
শীতের বদলে আসুক কুয়াশাঢাকা হেমন্তপ্রভাত।
আমার অনামিশা অন্ধকারের বিনিময়ে তুমি পাও ভোরের আলো,
আমার ভালোবাসার বিনিময়ে তুমি পাও এই জগতের সব ভালো।

মন্তব্য করতে ক্লিক করুন