আজিজুল হক

কবিতা - অদৃশ্য মানচিত্র

আজিজুল হক

মঈশাল বন্ধু আজ আর মাঠে নামে না,
ঘাসের গায়ে তার পায়ের ছাপ মুছে গেছে বহুদিন,
মহিষগুলোও যেন ভুলে গেছে
জল আর কাদার পুরোনো সংলাপ।

কোনো এক অদৃশ্য মানচিত্রে
হামিদ চাচার নাম কেটে দেওয়া হয়েছে!
তিনি এখন বাতাসে ভাসমান এক পরিচয়,
নাগরিক নয়, কেবল এক প্রশ্নচিহ্ন।

ওপারের বিনোদবাবু
হঠাৎই মাটির গন্ধ শিখে ফেলেছেন!
তার শিকড়গুলো রাতারাতি
ওপারের অভিধান ছেড়ে এদেশে
রাতারাতি দেশপ্রেমিক!

ভূমি সংস্কারের ঠ্যালায়
জয়নালদের উঠোনে আজ নেমে এল শূন্যতা,
নীলকান্তদের কাঁথায় জমে ওঠে
অদেখা ঋণের ঠান্ডা শিশির।

চা-বাগানগুলো যেন আকাশে জন্মায়,
মাটিতে তাদের কোনো ইতিহাস নেই,
শুধু সবুজের ভেতর লুকানো থাকে
অগণিত চৌর্যবৃত্তির উল্লাস ।

ব্যাংকের লকারে ঘুমিয়ে থাকা টাকারাও
কোনোদিন শেখেনি মাটির ভাষা,
তাদের ওপর কোনো সংস্কার নামে না,
শুধু মানুষই ধীরে ধীরে
অদৃশ্য হয়ে যায় হিসেবের খাতায়।

এ এক নিঃশব্দ খেলা—
যেখানে হারিয়ে যাওয়াটাই নিয়ম,
আর বেঁচে থাকাটা
ক্রমশ এক ধরনের বিদ্রোহ হয়ে ওঠে।
………

পরে পড়বো
১১
মন্তব্য করতে ক্লিক করুন