আজিজুল হক

কবিতা - চেকপোষ্টের বারান্দায়

আজিজুল হক
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ দেশাত্মবোধক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

তোমার বুক জুড়ে লেপ্টে আছে রাষ্ট্রের কাদা,
ইট–চুন–বুটের গন্ধে ঢেকে গেছে দুধের স্বপ্ন।
তোমার শরীরের শিরায় শিরায়
রক্ত আর মানচিত্র একসাথে বয়ে যায়—
গঙ্গা নয়, আজ সে একেকটা চেকপোস্ট,
পদ্মা নয়, একেকটা জেরা ঘর।

তোমার পিঠে নখের দাগ নয়,
সংবিধানের খসড়া, লাঠির ব্যাখ্যা,
রাত্রিকালীন অভিযানের স্বাক্ষর।
আমি ডুয়ার্স জুড়ে এখন শুধু চা–বাগান দেখি না,
দেখি নিখোঁজ পোস্টার,
নকশালবাড়ির ছায়া পুড়ে গেছে পুলিশের ফাইলে।

মানুষের হৃদয়ে আজ আর আশ্রয় নেই,
বিশ্বাস শব্দটা কেবল আদালতের নথি।
এক বিছানায় শুয়ে
আমরা নিজেদের নাম উচ্চারণ করতে ভয় পাই—
কে জানে, সেটাও দেশদ্রোহ হয়ে যায় কিনা!

রাষ্ট্র আমার বাবার পরিচয় চায়,
মায়ের গর্ভে জন্মের রসিদ খোঁজে,
রক্তের গ্রুপে নাগরিকত্ব মাপে।
আর মসনদের উপর বসে থাকা শকুনেরা
নিজেদের জন্মভূমি লুকোয় সুইস ব্যাংকের আলমারিতে।

ওরা প্রশ্ন করে: “তুমি কে?”
আমি পাল্টা জিজ্ঞেস করি:
“এই লাশগুলো কার?”
এই খালি চোখগুলো কোন ভোটার তালিকার?”
সব শুয়োরের বাচ্চারা আজ ভদ্রলোক,
টাইয়ের ফাঁসে ঝুলছে প্রজাতন্ত্র,
আর রাস্তায় পড়ে থাকে মানুষের নাম—
ছেঁড়া পোস্টারের মতো।

তবু শোনো,
এই কাদা, এই রক্ত, এই নখের দাগের ভেতর দিয়েই
একদিন উঠে দাঁড়াবে নতুন শরীর,
নতুন দেশ—
যার পরিচয়ের জন্য
কোনো রাষ্ট্রের সিল লাগবে না

পরে পড়বো
২৮
মন্তব্য করতে ক্লিক করুন