আজিজুল হক

কবিতা - জলীয় বাষ্প

আজিজুল হক

রাত্রির মখমলি জানালায়
আমি আজও তোমার নাম লিখি,
যেন মির্জা গালিবের বিষণ্ন সুরায়
ডুবে থাকা কোনো পুরোনো দিল্লির আকাশ!
যেখানে প্রেম মানে
অর্ধেক দহন, অর্ধেক দোয়া।

তোমার চোখে আমি দেখেছি
নিষিদ্ধ আঙুরের নরম নেশা!
যেন হাফেজের গজলে
মদের পেয়ালায় ভেসে ওঠা
একটি নীল গ্রহের নিঃসঙ্গতা।
আর যখন তুমি চলে যাও
শালিকেরা হঠাৎ স্তব্ধ হয়ে থাকে।

ধানসিঁড়ির কুয়াশা মেখে
কোন এক প্রেমিক কবির মতো
আমি দূর অন্ধকারে শুনি
গরম নদীর ভেজা জলের উচ্ছাস ।
সেখানে প্রেম কোনো উচ্চারণ নয়,
শুধু শিশিরে ভেজা ঘাসের ভিতর
তোমার পায়ের শব্দ।
আর এক পৃথিবী
ধীরে ধীরে লাল হয়ে ওঠে
জয়ন্তীর বনাঞ্চলে।

আর শহরের নষ্ট নিয়নের নিচে
আমি হেলাল হাফিজের মতো
বুকপকেটে লুকিয়ে রাখি
এক অসমাপ্ত বিদ্রোহী প্রেম!
যেখানে ভালোবাসা মানে
রাষ্ট্রের বিরুদ্ধে নীরব পোস্টার,
কিংবা ভাঙা সিগারেটের ধোঁয়ায়
তোমার নামের গোপন গণতন্ত্র।
………..

পরে পড়বো

মন্তব্য করুন