আমার মেসেঞ্জারের ইনবক্সে
প্রায় রোজ দিন তোমাদের
উৎকণ্ঠা মেশানো শব্দের ভীড়
,”ভালো থেকো”
এটা যে ভালো থাকার সময় নয়
সে তোমাদের কেমন করে বোঝাই
যেমন আজ সকালেই শুনলাম
আমাদের খুব কাছের মানুষ
কমলা বৌদি আর নেই
এইতো কদিন আগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে
হঠাৎ চলে গেলেন নিঃশব্দে না ফেরার দেশে
তাই বলছি এটা ভালো থাকার সময় নয়
রোজদিন এই মৃত্যু মিছিল দেখতে দেখতে
রোজদিন এই হাহাকার শুনতে শুনতে
শুধু একটা কথাই মনে হয় আমার
ঘুরেফিরে একটা কথাই মনে হয়
এই হনন ভূমি আমার মাতৃভূমি নয়
এই মৃত্যু ভূমি আমার জন্মভূমি নয়
যেখানে অক্সিজেনের অভাবে
হাসপাতালে বেড এর অভাবে
জীবনদায়ী ওষুধের অভাবে
চিকিৎসার অভাবে
তিলে তিলে মরতে হয় মানুষকে
অসহায় আর্ত মানুষকে মরতে হয় তিলে তিলে
এমনটা তো কথা ছিল না হওয়ার
এমনটা হওয়ার কথা ছিল না
যে দেশে এখনো দিনে একশো টাকা
রোজগার করতে পারে না চল্লিশ কোটি মানুষ
যে দেশে এখনো একশো টাকার কাজ জোটাতে গিয়ে
হিমশিম খেতে হয় একজন দিনমজুরকে
সেখানে আমাদের এই বাংলায় ভোট উৎসবে
আকাশপথে ভোট প্রচারে
অনায়াসে খরচ হয়ে যায় একশো কোটি
রাজধানীর বুকে গাজিয়াবাদের শ্মশানে
যেদিন করোনা রোগীর লাশ ছিঁড়ে খেয়েছে কুকুরে
যেদিন কাগজে লেখা হল
এ যদি নরক না হয়
তাহলে নরক কি
সেদিন অরুণ জেটলি স্টেডিয়ামে
দর্শকশূন্য মাঠে
যথারীতি বসানো হল আইপিএলের আসর
একদিকে হাসপাতালের বেডে অক্সিজেনের অভাবে
দম আটকে মারা যাওয়া মানুষের ছবি
আরেকদিকে আইপিএলের খেলার মাঠে
ক্রিকেটারদের উল্লাসের রঙিন ছবি
এসব দেখতে দেখতে কি করে ভাল থাকি বলো
এসব দেখতে দেখতে
কি করে ভালো থাকা যায় বলতে পারো
কি অদ্ভুত সিস্টেম আমাদের
যেখানে শ্মশানের টোকেন হাতে নিয়ে
মৃতদেহের লাইনের পাশে
ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয
প্রিয়জনদের উৎকনঠাগ্রসত বিপন্ন সব মুখ
দশ ঘন্টা কুড়ি ঘন্টা
এমনকি বাহাত্তর ঘন্টা কেটে যায় একটু আগুন পেতে
সেখানে দেহ সৎকার নিয়ে ব্যবসা চলে প্যাকেজের
দশ হাজার পনের হাজার
বা তারও বেশি টাকার প্যাকেজ
এই অবস্থায় ভালো থাকার ইচ্ছেটাকে
কি করে যে বাঁচিয়ে রাখি
তবু যখন খবর আসে মাঝরাতে
এক বৃদ্ধ দম্পতির হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে
পাড়াপড়শিরা কেউ একজনাও আসেনি এগিয়ে
তখন সোশ্যাল মিডিয়ায় জানাতেই
তড়িঘড়ি অক্সিজেন সিলিন্ডার নিয়ে
প্রাণ বাঁচাতে ছুটে আসে
বাপে খেদানো মায়ে খেদানো
কজন বখাটে তরুণ
অথবা যখন শুনি
আমাদের এই মহানগরীর
এক হাসপাতালের কোভিড ওয়ার্ডে
মাত্র দুজন নার্স আর একজন জুনিয়র ডাক্তার মিলে
দিনরাত এক করে
এক অসম্ভব জেদে
জীবনকে বাজি রেখে
লড়ে যাচ্ছে লড়াই
করোনার করাল গ্রাস থেকে
মুমূর্ষু রোগীকে বাঁচানোর
এক নাছোড় লড়াই
হার না মানা এক নাছোড় লড়াই
তখন মনে হয় এই ভয়ঙ্কর অতি মহামারী
সারা দুনিয়া জুড়ে মেতে উঠেছে যে মারণ যজ্ঞে
তাকে আজ না হয় কাল
কাল না হয় পরশু
একদিন না হয় একদিন
মানুষের কাছে নতজানু হতেই হবে
সেই মানুষ
যাদের জীবনকে সে ধ্বংস করেছে অবলীলায়
কিন্তু পারেনি পরাজিত করতে
সেই মানুষ
যাদের লাখো মৃত্যুর মিছিলে
জীবনের জন্য জীবনের লড়াই কে সে থামাতে পারেনি
জীবনের জন্য জীবনের লড়াই কে সে হারাতে পারেনি

মন্তব্য করতে ক্লিক করুন