দেবব্রত সিংহ

কবিতা - জীবন বড় না ভোট বড়

দেবব্রত সিংহ
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

(হুতোম এর উদ্দেশ্যে নিবেদিত)

আপনি নিজ গুনে আমাকে মার্জনা করিবেন

আমার আজ কাল কেবলই মনে হইতেছে

আমাদের এই বঙ্গদেশে

২০২১ সালের ভোট উৎসবটি যদি আপনি দেখিতেন নিজের চক্ষু মেলিয়া দেখিতেন

তাহা হইলে আপনার কলমে

নতুন একটি হুতোম প্যাঁচার নকশা রচিত হইত

করোনা নামক যে অতি মহামারী

করোনা নামক যে মারণব্যাধি

সারা দুনিয়ার মানুষের সহিত আমাদিগের জীবন কেও

সম্পূর্ণরূপে বিপন্ন করিয়া ত্রস্ত করিয়া ধ্বংস করিয়া

মৃত্যুমুখে ঠেলিয়া দিয়াছে

সেখানে রাজধানী দিল্লির উচ্চ আদালতের

প্রধান বিচারপতির কন্ঠে কন্ঠ মিলাইয়া

বলিতে ইচ্ছা করিতেছে

এই মহা সংকট কালে

আমাদের দেশ চালাইতেছেন স্বয়ং ভগবান

বাস্তবে তিনি থাকুন বা নাই থাকুন

তাঁহার উপরে ভরসা করিয়া ই

করোনা রোগে আক্রান্ত মানুষ

হয় মরিতে মরিতে বাঁচিয়া উঠিতেছে

নয় মরিতে মরিতে মরিয়া যাইতেছে

আপনি ইহা শুনিলে বড়ই আশ্চর্য বোধ করিবেন

করোনাকালে মাস্ক বিহীন গা ঘেষাঘেষি ভিড়ে

জীবন বিপন্ন হইতে পারে জানিয়াও

লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটাইয়া

জাঁকজমকপূর্ণ রোড শো করিয়া

হেলিকপ্টার বিলাসী আকাশ মারগী নেতা নেতৃবৃন্দ

নির্লজ্জের মত জনগনের কাছে হাত পাতিয়া

ভোট ভিক্ষা করিতেছেন

নিজ নিজ দলের জন্য ভোট ভিক্ষা করিতেছেন

তাঁহারা করোনা বিধি লইয়া

মাস্ক পরিধান ও দূরত্ব বিধি লইয়া

ভুলিয়া ও একটি বাক্য উচ্চারণ করিতেছেন না

এভাবে কোন দল কত লক্ষ মানুষের সমাবেশ ঘটাইল

কোন দল কত লক্ষ মানুষের আশীর্বাদ পাইল

তাহা দিবানিশি প্রচার করিয়া

নেতা দিগকে উৎসাহিত করিতে

কোন দ্বিধা করিল না মিডিয়া

সেখানে করোনা নামক মরণব্যাধি র

কোন জায়গা হইল না

এতটুকুও না

তখন মনে হইতে লাগিল সরকারি ও বিরোধী

দুই পক্ষের দুই যুযুধান নেতা-নেত্রীদের ভযে ভীত হইয়া

করোনা বোধহয় যেখান হইতে আসিয়াছিল

সেখানেই নিঃশব্দে পলায়ন করিয়াছে

ইহা দেখিয়া বঙ্গদেশের ভোট পরবে

নেতা-নেত্রীরা আরো উৎসাহিত হইয়া

কার দল কত শক্তিশালী

তাহা সভা সমাবেশের মাধ্যমে রোড শো এর মাধ্যমে

জানান দিবার নিমিত্ত প্রতিযোগিতায় অবতীর্ণ হইলেন

সে এক অদ্ভুত প্রতিযোগিতা

জনগণের জীবনকে বাজি রাখিয়া

সে এক নির্মম প্রতিযোগিতা

এমতাবস্থায় আমি ভাবিতেছি

এই বঙ্গদেশে যদি আপনি বাঁচিয়া থাকিতেন

তাহা হইলে আপনার নির্ভীক কন্ঠে উচ্চারিত হইত

“আমি হুতোম

ওরফে মহাত্মা কালীপ্রসন্ন

আমি তোমাদিগকে বলিতেছি

তোমরা শুনিয়া রাখো

ভালো করিয়া শুনিয়া রাখো

গণতন্ত্রে ক্ষমতা শেষ কথা নয়

গণতন্ত্রে দায়বদ্ধতা বলিয়াও একটি বস্তু আছে

সেটা ভুলিয়া যাইও না

আজ না হউক কাল

কাল না হউক পরশু

করোনা হাসপাতালের মর্গে শায়িত থাকা

শয়ে শয়ে লাশ

একদিন তোমাদের কমান্ডো পরিবৃত

নিরাপত্তা বলয় ভেদ করিয়া জানিতে চাহিবে

হে ভাগ্যবিধাতা গণ

হে দেশ নিয়ন্তা গণ

তোমাদের স্তোক বাক্য অনেক শুনিয়াছি

আর শুনিতে চাহিনা

এখন জানিতে চাই

জীবন বড় না ভোট বড়

জীবন বড় না ক্ষমতা বড়।

পরে পড়বো
৯১
মন্তব্য করতে ক্লিক করুন