আমার লেখাপড়া নাই তেমন
তবু বহুকষ্টে খবরের কাগজে
চিঠি লিখেছিলাম একখানা
সে চিঠি নিয়ে গা করেনি কেউ
তাই বলছি দু-চার কথা যদি লিখে দেন খুব ভালো হয়
আমরা আপনাদের এই শহরেই থাকি
আমরা এই মহানগরের শহরবাসী
আমরা বাবুদের বাড়িতে কাজ করি বলে
এই শহরটা চলে
তবু আমাদের কেউ শহরবাসী বলে না
বলে বস্তিবাসী
আমাদের কেউ সম্মানের চোখে দেখেনা
দেখে দয়ার চোখে করুনার চোখে
অথচ আমাদেরও সম্মান নিয়ে বেঁচে থাকার কথা ছিল
আমাদেরও সম্মান নিয়ে কাজ করার অধিকার ছিল
বৃত্তান্ত টা তাহলে খুলেই বলি
আমরা একনাগাড়ে কয়েক প্রজন্ম ধরে
বড় রাস্তার ধারে ব্রিজের তলায় বাস করে আসছি
আমাদের স্বামীরা কেউ রিকশা চালায়
কেউ ফুচকা বিক্রি করে
কেউ কাজ করে মুটে মজুরের
কষ্ট করে রোজগার করা পয়সা জমিয়ে
আমরা একটু একটু করে ঝুপড়ির জায়গায়
ইট সিমেন্ট দিয়ে বানিয়ে ফেলেছিলাম
মাথাগোঁজার মতন ছোট ছোট ঘর
এভাবেই চলে যাচ্ছিল আমাদের
হঠাৎ একদিন সকালবেলায়
পুলিশ গাড়ি নিয়ে ফাইলপত্র বগলে লোকজন নিয়ে
দলবল নিয়ে নেতা বাবুরা এসে হাজির
তারা আমাদের সবাইকে ডেকে বলল
শোন এবার ব্রিজের কাজ হবে
পুরনো ব্রিজ ভেঙে নতুন করা হবে
এখন তোদের এখানে চলবে না থাকা
দরকারি জিনিসপত্র যা আছে সব নিয়ে
ক’মাসের জন্য উঠে যেতে হবে তোদের
তারপরে কাজ শেষ হলে যে যার মতন
ফিরতে পারবি ঘরে
কথা শুনে দুশ্চিন্তায় ঘুম গেল ছুটে
তারপরে কদিন যেতে না যেতেই আবার এল ওরা
এবার বললে অন্য কথা
বললে তোদের ঘর গুলো সব ভাঙ্গা হবে
আমরা ব্যবস্থা করেছি অন্য জায়গায়
সেখানে তোদের থাকতে হবে
তারপর আর কি
তারপর একদিন রাতের বেলা বুলডোজার নিয়ে
ওরা সব শেষ করে দিলে
তারপর আমরা নিঃসম্বল নিরাশ্রয়
তারপর আমাদের ঠিকানা খোলা আকাশের নিচে
মহানগরীর ফুটপাতে
তারপর যতদিন গেছে পূনর্বাসনের সব প্রতিশ্রুতি
ফানুস এর মতন উড়ে গেছে
শেষমেষ অনেক লড়াই করে মামলা করে
এই কদিন আগে খালপাড়ের ধারে
পলিথিনের ছাউনি দেওয়া ঝুপড়ি ঘর পেয়েছি আমরা
এখানে শৌচাগারের ভালো ব্যবস্থা নেই
স্নানের জন্য বাথরুম নেই
এমনকি সারাদিন আলো টুকুন ও নেই
আলো যা পাওয়া যায় সে শুধু
বিকেল পাঁচটা থেকে ভোর ছ টা পর্যন্ত
আমাদের ঝুপড়ি ঘরে চারদিকে পলিথিন আর প্লাস্টিকের মাঝে কাঠ কয়লার উনুন ধরিয়ে
কাজ করতে হয় রান্নার
তাই নিয়ে খুব আতঙ্কে আছি আমরা
ঘুম হয় না রাতের বেলায়
ছেলেপেলে নিয়ে একটু ভালো জায়গায়
একটু ভালোভাবে বেঁচে থাকার
অধিকার কি নেই আমাদের
আমরা কি বস্তিবাসী হয়েই থেকে যাব চিরকাল
বাবুদের করুণা নিয়ে করুণাবাসি হয়ে থেকে যাব
আপনি শুনেছি আমাদের কথা লেখেন
আমাদের কথা তুলে ধরেন
তাহলে এই শেষ কথা গুলো এর সঙ্গে লিখে দেবেন
আমরা কিন্তু ধরে ফেলেছি অংকটা
আমাদের মতন খেটে খাওয়া মানুষদের
বস্তিবাসী করুণাবাসি করে রেখে দেওয়ার
অংকটা ধরে ফেলেছি
এবার আমরা বুঝে নেব হিসাবটা
বাবুদের বস্তি উন্নয়ন এর হিসাবটা এবার
আমরা নিজেরাই বুঝে নেব।

মন্তব্য করতে ক্লিক করুন