রক্তে লেখা পথ।
– মোঃ ফখরুল ইসলাম সাগর।
রক্তে ভেজা সেই পথগুলো আজও কথা কয়,
নীরব পাথর ভেঙে ওঠে নির্ভীক জয়।
মুক্তির নেশায় যাঁরা ছেড়েছিলেন আপন ঘরদোর,
মরণকে বরণ করে লিখে গেছেন ইতিহাসের ভোর।
শিকল ভাঙার ঝনঝনানি বাজে আজো কানে,
তাঁদের নিঃশ্বাস মিশে আছে এ দেশের গানে।
সূর্য ওঠার আগেই যাঁরা দিলেন প্রাণের বলি,
তাঁদেরই ছায়া মাড়িয়ে আমরা মুক্ত পথে চলি।
মুক্তির সেই মন্দির তলে প্রদীপ হয়ে জ্বলে,
অগণিত নামহীন প্রাণ ঝরে গেছে অশ্রুজলে।
ঘরের মায়া, মায়ের আঁচল সবকিছু ত্যাগ করে,
তাঁরা ফেরেনি কোনোদিন—ফিরেছে ইতিহাস হয়ে।
মাটির প্রতিটি ধূলিকণায় তাঁদের স্পর্শ লেখা,
ইতিহাসের পাতায় পাতায় রক্তাক্ষরে নাম দেখা।
শহীদবেদি আজো বলে, নীরব অথচ মহান—
“বৃথা যায়নি সে দান, তোমরাই এ বাংলার অম্লান।”
আর যদি কোনোদিন এই স্বাধীনতা অবহেলায় হারাই,
প্রশ্ন থেকে যাবে—
শহীদের রক্ত কি আমাদের ক্ষমা চাইবে,
নাকি ক্ষমা দেবে তাই?

মন্তব্য করতে ক্লিক করুন