কবিতা — উত্তর অজানা

রবিবার, ১২ এপ্রিল ২০২৬ বিবিধ কবিতা

(সুমনের একটি গানের সম্প্রসারণে)

ক’বার প্রেম করলে তবে প্রেমিক বলা যায়,
ক’বার মার খাবার পর মানিয়ে নেওয়া মানা,
কত আগাছা নিড়ালে কাউকে মালিনী বলা যায়,
প্রশ্নগুলো কঠিন আর উত্তরও অজানা।
কত যুগের হয়ে ওঠায় গোলাপ হয় গোলাপ,
কতটা অপমানের পর রাগ দেখানো ঠিক,
কতটা চুপ করার পর চলতে পারে প্রলাপ,
কোন্ বদলটা দ্রুত আর কোল্টা আকস্মিক!
কত রাতের কাজের পর বারনারীর ছুটি,
কত করিডরের পর কক্ষের নিশানা,
কত অনশনের পর সদ্য সেঁকা রুটি,
কতটা পথ পেরোলে মেলে মৃত্যুর ঠিকানা?

৫১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা