তোমার জন্য আমার ভালোবাসায় রাগ নয়
নীরব অনুরাগ আছে;
অপমান নয়
অভিমানেরই একটু আঁচ আছে।

সামান্য দূরত্ব মানে দূরে সরে যাওয়া নয়,
সে তো কাছে পাওয়ার আকুলতা;
আবদার না রাখা মানে অবহেলা নয়,
সে তো অধিকার দিয়ে ডাকবার নীরব বারতা।

প্রথমত- আমি তোমাকেই চাই,
দ্বিতীয়ত- তবুও তোমাকেই চাই;
শেষ অব্দি এই জীবনে
কিছু পাই কিংবা না পাই
আমার চাওয়ার শেষ ঠিকানাটুকু
শুধুই তুমি, শুধুই তুমি।

তোমার অপেক্ষায় নিশীথ পেরোয়,
দিন ফুরোয় নীরব প্রহরে;
তবু মনটা তোমার পথেই থাকে,
কোনো এক ফিরে আসার ভোরের তরে।

এবার এসো
আর কোনো অজুহাত নয়, কোনো অভিমান নয়;
এসো, বসো একটু কাছে
আমি শুধিতে চাই
তোমার কাছে থাকা
সব লিখিত, অলিখিত ঋণ।

যত কথা বলা হয়নি,
যত ভালোবাসা রাখা ছিল গোপন,
এসো-সব হিসাব মিটিয়ে দিই;
তারপরও যদি কিছু বাকি থাকে,
সেটুকু থাকুক
তোমার নামে, আমার হৃদয়ের আজীবন ঋণ।