তুমি তো সকলেরে নিয়ে আছো ঈশ্বরের মতো…

শক্তি তোমার ভিত্তি, হাতে আলোকবর্তিকা; অন্ততঃ
আমি যতটুকু চাই ততটুকুই পাই-
জানিনা এ কার করুণা! তাৎক্ষণিক তাই
মাসচুক্তির সেবামূল‍্যটা ভক্তিভরে মিটাই
তোমাকে। আমার হিসেবের খাতার টানটান দশায়
আমার উচ্চ চাপ কত যে বাড়ায়-
হয়ত তুমি জান না, আর আমি জানি না- কী আছে তোমার খাতায়!

অলিগলির বাতাস বলে-
কোন এক আকালিক ছলে
তোমার নাকি কারবারী কারসাজি আছে এক গোপন তালিকায়…
এটাই বুঝি তোমার সংবৎসরের গোপন পাতায়
রাজকীয় গোপন বৃত্তির কৌশল!
বিত্তের উপর ক্ষমতার পাশবিক বল…

আমরা, যারা নম্বরধারী, বিত্তবছর-পঞ্জির পাতায় পাতায়
ঘুরে তাই বুঝি একেবারে শেষ দফায়
জবরদস্ত এই সমন্বয়ের শিকার!
ন‍্যায‍্যতার সমতার বিচার!

নাকি পুরাটাই তোমাদের ব্যবসা-বিত্ত-নীতির এক আপগ্রেড কৌশল
আর আমাদের নিয়তির কোন সকরুণ ছল?