কবিতা - তুমি যদি আমার হতে

আতিকুর রহমান অন্তর
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

তুমি যদি আমার হতে—
তাহলে সকালটা শুরু হতো তোমার হাসিতে,
চায়ের কাপের ধোঁয়ার ভেতর
আমি খুঁজতাম তোমার চোখের নরম আলসেমি।
রোদে ভেজা বারান্দায়
তোমার চুলের গন্ধে হারিয়ে যেতাম আমি,
আর বলতাম—
“চলো, আজ সারাদিন একটু গল্প করি।”

তুমি যদি আমার হতে—
অভিমানগুলো থামত দরজার সামনে,
চুপচাপ তুমি দাঁড়িয়ে থাকতে,
আমি এসে বলতাম— “চলো, রাগ করো না আর।”
তুমি মুখ ফিরিয়ে থাকতে,
কিন্তু চোখে লুকিয়ে থাকত একরাশ ভালোবাসা।
আমি বুঝে যেতাম,
তুমি রাগ করোনি,
শুধু চাইছো, আমি আরও একটু মন দিই।

তুমি যদি আমার হতে—
আমাদের সংসারটা হতো খুব সাধারণ,
ভাতের হাঁড়িতে ধোঁয়া উঠত,
আর তাতে মিশে থাকত আমাদের স্বপ্ন।
টেবিলের উপর ছড়িয়ে থাকত বিলের কাগজ,
মধ্যবিত্তের সংসার
কিন্তু আমরা হাসতাম,
কারণ একে অপরকে হারাইনি কোনোদিন।
তুমি যদি বলতে—
“আজ একটু কম লবণ হয়েছে।”
আমি বলতাম—
“লবণটা কম, কিন্তু ভালোবাসা একটু বেশি হয়েছে।”

তুমি যদি আমার হতে—
চাঁদের আলোয় ছাদে বসে থাকতাম দু’জন—
বাতাসে তোমার চুল উড়ত হালকা,
আমি আঙুল ছুঁয়ে ঠিক করে দিতাম নরম করে,
আর বলতাম—
“দেখো, আজ চাঁদটা তোমার মতোই লজ্জায় হাসছে।”

তুমি মৃদু হেসে বলত—
“চাঁদও বুঝি কথা বোঝে?”
আমরা তখন প্রেম নয়,
একটা শান্ত জীবনের গল্প লিখতাম—
চাঁদের আলোয়, একে অপরের পাশে।

কিন্তু তুমি আমার নও—
তবু প্রতিদিন তোমার মতো কাউকে কল্পনা করি,
যে বলবে— “তোমার চা ঠান্ডা হয়ে গেছে।”
আমি জানি, সে কখনো আসবে না,
তবু বিশ্বাস করি—
কোথাও না কোথাও,
এই পৃথিবীর কোনো ছাদে,
তুমি হয়তো আজও চাঁদ দেখছো,
আর মনে মনে বলছো—
“যদি আমি তার হতে পারতাম…”

– আতিকুর রহমান
– ২৫ অক্টোবর, ২০২৫।

পরে পড়বো
৮১
মন্তব্য করতে ক্লিক করুন