নবনীতা দেবসেন

কবিতা - তত্রাচ, জীবন

নবনীতা দেবসেন
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ সাম্য-জীবনমুখী কবিতা

তুমি জানো, পৃথিবীতে মানুষের প্রণয় থাকে না
পৃথিবীতে এমন কি শোকও
থাকে না, গলে যায়। এমন কি
স্মৃতিও অচির।
কবিতাও চলে যায়, সুতো ছেড়ে দিলে
মহাশূন্যে লাট খায়
পৃথিবী-সংযোগছিন্ন মহাকাশযান কোনো
যেমন নির্দিশা,
শূন্যলোকে অনন্ত বিরহী
কবি ভেসে যায়।
তত্রাচ জীবন থাকে, যেমন তেমন
যেভাবে রাখবে, তেমনি
কোলে-পিঠে নধর, নাদুস,
অথবা জুতোর নিচে, বেপরোয়া—
কেবল জীবন থাকে শরীরে শরীরে
ভাঁড়ে কিংবা রুপোর গেলাশে
তুমি যতোদিন।

পরে পড়বো
৮০
মন্তব্য করতে ক্লিক করুন