কবিতা — বর্ষা ও জীবন যাত্রা

বুধবার, ০৮ জুলাই ২০২৬ ছড়া, প্রকৃতির কবিতা

বৃষ্টির ঝমঝম
শব্দ হরদম
ঘর থেকে শোনা যায়রে ,
কেউ মাঠে কেউ ঘাটে
কেউ অফিস কেউ হাটে
যেতে বাঁধা পায়রে ।

নেই রোদের চিহ্ন
দিনটা বেশ ভিন্ন
যে যার ঘরেতে বন্দি ,
প্রভাত থেকে সাঁঝ
বৃষ্টি ঝরছে আজ
কাজের সাথে নেই সন্ধি ।

বিল ঝিল ভরে যায়
খাল নদী উছলায়
খেয়া ঘাটে নেই আজ কেউরে ,
ভয়ানক বেশ ধরে
সাগরে আছড়ে পড়ে
শুধু সেথা ঢেউ আর ঢেউরে ।

শুধু কি বৃষ্টিপাত ?
ভয়ংকর বজ্রপাত
জানপ্রাণ হয় বিপর্যস্ত ,
জেলেরা জোয়ার ভাটায়
কঠিণ জীবন কাটায়
মৃত্যুঝুঁকিকে ভেবে দোস্ত ।

গরীব দুঃখীরা পেটে
খাবার যোগায় খেটে
হয়না কোনো কাজ রোজগার ,
অনাহারে থেকে তাই
ভাঙ্গা গৃহে ঠাঁই
নিয়ে ভিজে করে রাত দিন পার ॥

প্রবল বেগে হাওয়া
বাইরে যায় না যাওয়া
বন্দি থেকে সুখ পাই না ,
গৃহ , শস্যের ক্ষতি
বেড়ে তোলে দূর্গতি
এমন বর্ষা কেউ চাই না ।

৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা