পাপন বসুনিয়া

কবিতা - হারানো নক্ষত্র

পাপন বসুনিয়া
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ অন্যান্য কবিতা

হয়তো একদিন—
আমার নীরবতা ভেঙে বলবো তাকে,
“এসো, দু’জনে মিলে আকাশ দেখি।
দিনের আকাশ নয়, রাতের—
যেখানে নক্ষত্রেরা জেগে থাকে বিস্মৃতির মতো,
আর বাতাসে মিশে থাকে হারিয়ে যাওয়া কণ্ঠস্বর।”

সে আসবে না— জানি।
সেই কবে এক শীতের রাতে সে অদৃশ্য হয়ে গেল,
তার ছায়াও রইল না মাটির ওপর,
তার স্পর্শও শুকিয়ে গেলো বাতাসের মাঝে।

সে একবারও বললো না—
“আমি চলে গেলাম, চিরদিনের জন্য,
আমাদের আর দেখা হবে না,
এই পথ আমাদের দু’জনের জন্য তৈরি হয়নি।”

তবু আমি রাতের আকাশে তাকিয়ে থাকি,
তার চোখের মতো নীল কোন তারা আছে কি না খুঁজি,
একটা নক্ষত্রমণ্ডল তার নামে রাখি নীরবে,
যদিও জানি— সে কখনো দেখবে না,
যদিও জানি— সে কোনোদিন ফিরবে না।

পরে পড়বো
৪১
মন্তব্য করতে ক্লিক করুন