প্রসূন গোস্বামী

কবিতা - আজব দেশের গজব কায়দা

প্রসূন গোস্বামী
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ অন্যান্য কবিতা

চশমা চোখে ভেলকি বুনে, স্বপ্ন বেচেন তুড়ি মেরে,
গাঁয়ের মানুষ মুগ্ধ ভারী— খাচ্ছে খাবি ডাঙ্গায় প’ড়ে।
বললেন তিনি, “শোনো রে ভাই, আনব টেনে আমেরিকা,”
সবাই ভেবে আহ্লাদে আট— ঘুচবে বুঝি দুঃখ-টিকা!

সিঙ্গাপুরের পাল্লা ধ’রে ছুটল ঘোড়া টগবগিয়ে,
থামল এসে শ্মশান-ঘাটে, জঞ্জাল আর আঁধার নিয়ে।
রঙিন ফানুস উধাও হ’ল, আকাশ হ’ল ঝাপসা কালো,
ঘরের প্রদীপ নিভিয়ে দিয়ে— নামল একি ‘ভীষণ ভালো’!

ম্যাপের উপর ঘষামাজা, বদলে দিলেন দেশের চেনা—
মানুষগুলো যায় হারিয়ে, জ্যান্ত লাশের চলছে কেনা।
পূব দিকের ওই ভিটেমাটি, এক নিমিষেই শূন্য খাঁ খাঁ,
অন্য পাখির বসত হ’ল— রক্তে মাখা ডানার ঝাপ্টা।

বোকার হদ্দ বিশ্ববাসী, হাততালি দেয় গাল ফুলিয়ে,
ভিতরে যে বিষের নদী, দেখছে না কেউ চোখ মেলিয়ে।
জৌলুসমাখা মঞ্চে বসে হাসেন তিনি মিচকে হাসি,
নীচে কেবল কান্নার রোল, চারদিকে সব গলার ফাঁসি।

স্তূপ জমেছে লাশের পাহাড়, রোজ সকালে সংখ্যা বাড়ে,
স্বপ্ন যে আজ গোরস্থানে— দাফন হ’ল বিষাদ-পাড়ে।
বোঝার আগেই বদলে গেল চিরচেনা ঘরের চাল,
আজব জাদুকরের খেলায়— কাটছে কেবল মরণ-কাল।

পরে পড়বো
২৪
মন্তব্য করতে ক্লিক করুন