প্রসূন গোস্বামী

কবিতা - ড্রোনের চোখে এক নারীর দিনলিপি

প্রসূন গোস্বামী
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ অন্যান্য কবিতা

আকাশে আজ ড্রোন উড়ছে,
তার চোখে লেন্স, হৃদয়ে শূন্যতা।
সে দেখে—
একটা মেয়ে হাঁটে,
তার ওড়না বাতাসে নয়,
পেছনের ছায়ায় জড়ানো।

পথঘাট এখন গুগল ম্যাপের মতো,
সব জানা, তবু নিরাপদ নয়।
একটা ছেলেকে দেখে সে,
তার চোখে ক্যামেরা নেই,
তবু সে স্ক্যান করে—
স্তন, কোমর, হাঁটার ছন্দ।

স্কুলের গেটের পাশে দাঁড়িয়ে
একটা বয়স্ক লোক বলে—
“তুই বড় হইছস!”
তার কণ্ঠে চিনি মেশানো বিষ,
মেয়েটি বোঝে না,
কেন তার বুকটা হঠাৎ ভারী লাগে।

বাসে ওঠে সে,
হাতটা জানালার রডে,
পেছন থেকে চাপা শ্বাস—
“ভিড় তো, বোন।”
ভিড়ের মধ্যে শরীরের মানচিত্র বদলে যায়।

রাতে সে ফেসবুকে লেখে—
“আজ একটা ছেলেকে ভালো লাগল।”
কমেন্ট আসে—
“তুই তো বেশ মডার্ন!”
ইমোজির নিচে লুকিয়ে থাকে
একটা ভার্চুয়াল থাপ্পড়।

তার মা বলে—
“মেয়েরা সাবধানে চলে, বুঝলি?”
তার বাবা চুপ থাকে,
চুপ থাকাটাই এখন পিতৃত্ব।

সে স্বপ্ন দেখে—
একটা শহর, যেখানে রাস্তাগুলো
তার নাম ধরে ডাকে।
কিন্তু ঘুম ভাঙে,
টিভিতে খবর—
“আরেকটা মেয়ে, আরেকটা গলি, আরেকটা ধর্ষণ।”

ড্রোনটা ফিরে যায় আকাশে,
তার মেমোরি কার্ডে জমে থাকে—
চিৎকার, নিশ্বাস, রক্তের গন্ধ।
সে আর কিছু দেখে না,
শুধু শুনে—
একটা মেয়ের গলা ফেটে চিৎকার:
“বাংলাদেশে মেয়েরা কোথাও নিরাপদ নয়!”

পরে পড়বো
১২৫
মন্তব্য করতে ক্লিক করুন