(এক টুকরো লাল-সবুজ কাপড় যখন নিলামে)
i
বলি
শুনছেন?
দেশ টা কি মস্ত এক Dustbin নাকি জাদুঘর?
যেখানে হাড়গোড় ধুয়ে মুছে আবার
পরিষ্কার করা হয়—
যাতে রাজাকারের পুরনো টুপিটা
রোদে ঝকঝক করে!
ii
হে আমার প্রিয় (অ)স্বদেশবাসী
তোমাদের স্মৃতিশক্তি কি ঠিক
সেকেন্ডের মতো ক্ষুদ্র?
নাকি তোমাদের শিরদাঁড়া গুলো সব
রাবার দিয়ে বানানো?
(আজকাল বাজারে হাড়ের চেয়ে রাবারের দাম চড়া—
সহজেই নুয়ে পড়া যায়)
iii
“আসবে কি ওরা?”
প্রশ্নটা বাতাস থেকে টপ টপ করে রক্ত হয়ে ঝরছে—
আর তোমরা কি করছ?
ঠোঁটে লিপস্টিক মাখিয়ে
ইতিহাসের লাশে সেন্ট দিচ্ছ।
বাহ্!
চমৎকার!
iv
যাদের হাতের আঙুলে আজও লেগে আছে
নখ উপড়ে ফেলার আনন্দ—
তারা যখন “দেশপ্রেম” নামক চুইংগাম চিবোয়
তোমরা কি করতালিতে আকাশ ফাটানো?
নাকি টিভির রিমোট চেপে
চ্যানেল পাল্টানোতেই মুক্তি খোঁজ?
v
স্বদেশ!
ওহ্ স্বদেশ—
তুমি তো এখন সেই অসহায় মা
যার ছেলেরা তার ঘাতকের সাথে
এক টেবিলে বসে
ডিনার করছে।
আর চামচ দিয়ে খাচ্ছে
নিজেরই কলিজার ভুনা।
vi
অপেক্ষা করো।
গাড়ি চড়বে ওরা।
পতাকাটা যখন (আবার) ওদের ড্যাশবোর্ডে কাঁপবে—
বুঝবে, স্বাধীনতা আসলে
একবারই হারায় না,
প্রতিবার যখন আমরা “ক্ষমা” করি
তখনই সে একবার করে মরে।
vii
থুতু দাও।
আয়নার ওপর নয়—
নিজের স্মৃতির ওপর।
(আমেন)

মন্তব্য করতে ক্লিক করুন