রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আজিকার অরণ্যসভারে

রবীন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ২৮ জুন ২০২৫ বিবিধ কবিতা

আজিকার অরণ্যসভারে
অপবাদ দাও বারে বারে;
বলো যবে দৃঢ় কণ্ঠে অহংকৃত আপ্তবাক্যবৎ
প্রকৃতির অভিপ্রায়,—নব ভবিষ্যৎ
করিবে বিরল রসে শুষ্ক তার গান,—
বনলক্ষ্মী করিবে না অভিমান।
এ কথা সবাই জানে
যে সংগীতরসপানে
প্রভাতে প্রভাতে
আনন্দে আলোকসভা মাতে
সে যে হেয়
সে যে অশ্রদ্ধেয়
প্রমাণ করিতে তাহা আরো বহু দীর্ঘকাল যাবে
এই একভাবে।
বনের পাখিরা ততদিন
সংশয়বিহীন
চিরন্তন বসন্তের স্তবে
আকাশ করিবে পূর্ণ
আপনার আনন্দিত রবে॥

পরে পড়বো
৯২
মন্তব্য করতে ক্লিক করুন