রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - প্রভু তোমার বীণা যেমনি বাজে আঁধারমাঝে

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ২০ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা, গান

প্রভু, তোমার বীণা যেমনি বাজে
আঁধারমাঝে
অমনি ফোটে তারা।
যেন সেই বীণাটি গভীর তানে
আমার প্রাণে
বাজে তেমনি ধারা॥

তখন নূতন সৃষ্টি প্রকাশ হবে
কী গৌরবে
হৃদয়-অন্ধকারে।
তখন স্তরে স্তরে আলোকরাশি
উঠবে ভাসি
চিত্তগগনপারে॥

তখন তোমারি সৌন্দর্যছবি,
ওগো কবি,
আমায় পড়বে আঁকা-
তখন বিস্ময়ের রবে না সীমা,
ঐ মহিমা
আর যাবে না ঢাকা॥

তখন তোমারি প্রসন্ন হাসি
পড়বে আসি
নবজীবন’পরে।
তখন আনন্দ-অমৃতে তব
ধন্য হব
চিরদিনের তরে॥

পরে পড়বো
১২৭
মন্তব্য করতে ক্লিক করুন