বিষের নাম প্রেম
সাইফুল ইসলাম মৌন
13/09/2026

বিষ যদি তোমার প্রিয়ই হয়,
‎তবে এই মাংসের দেয়াল পেরিয়ে এসো,
‎যেখানে আমি এখনো অক্ষত।
‎যেখানে তোমার দেওয়া সবটুকু বিষ
‎আমি ফুল ভেবে বুকে রেখেছি।

‎এই জীর্ণ শরীরে প্রণয়ে আর কিছু নেই,
‎শুধু কিছু না-পাবার গল্প আছে,
‎কিছু রাত জাগা আছে, কিছু ক্ষয়ে যাওয়া নাম।

‎বিষ যদি তোমার প্রিয়ই হয়,
‎না পাওয়ার মিছিলে এসো-
‎এখানে কোনো শরীরের দাগ
‎তোমার আঙুলকে অপরাধী করবে না,
‎এখানে কোনো ক্ষত-
‎তোমার নামে বিচার চাইবে না।

‎তুমি যা বিষ ভেবে দিয়েছিলে,
‎আমি তার নাম দিয়েছিলাম প্রেম,
‎তাই আজও বুকের ভেতর
‎একটা নীল বাগান ফুটে আছে।

‎যদি পান করতেই হয়,
‎তবে এই শরীরের ঠোঁটে নয়,
‎আত্মার ঠোঁটে পান করো,
‎যেখানে মৃত্যু নেই, শুধু থেকে যাওয়া আছে।