কত আর কেটে ছেঁটে রাখব নিজেকে প্রতিদিন
অন্যদের পছন্দমাফিক? নিষেধের কাঁটাতারে
ঘেরা এ জীবন কাতরায় আর নির্দয় প্রহারে
বিবেক আমাকে মোড়ে মোড়ে খুব করেছে মলিন।
যদি হতে পারতাম শুধু শিশ্নোদরপরায়ণ
এক জীব কিংবা কোনো বিবাগী সন্ন্যাসী বনচারী,
তাহলে হৃদয় আজ হতো না এমন হঠকারী,
অবিরত করতাম না তালাশ তৃতীয় নয়ন।
অচেনা অপর কেউ নয়, যারা আমার আপন
পরিবার পরিজন, তারা চায় আমি পড়ে থাকি
গৃহকোণে, ডানাছাঁটা পাখি নিরন্তর এঁদো ডোবা
আমাকে করুক গ্রাস, ছাঁচে-গড়া জীবন, যাপন
যেন করি আগাগোড়া। তবু প্রতিক্ষণ মনে রাখি-
আমাকে দিয়েছে গৌরী নীলাকাশ, সমুদ্রের শোভা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন