শঙ্খ ঘোষ

কবিতা - চরিত্র

শঙ্খ ঘোষ
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ বিবিধ কবিতা

এক পাথরে বসে থাকার অনন্যতা হয়তো ভালো।
তোমাকে সব দেখতে পায়, তুমিও সব দেখতে পাও
মুখের সঙ্গে মুখের ছায়া স্থির ছবিতে নিসর্গ, তা-ও
হয়তো ভালো। সত্যি ভালো?

নাকি পাথর থেকে পাথর টপকে চলার যখন-তখন?
পাহাড়পায়ে প্রণত পথ
অল্প নীচে বুকের জমি ভরে যাবার উড়ন-নদী
স্বচ্ছ এবং নগ্ন তরল,

টপকে চলা, নিসর্গপট ওলটপালট মুখের আড়ে
নীলসবুজে লড়াই সারে
পিছনে চুল মেঘলা ওড়ে, নবীন শরীর চলচ্ছবি
পাথর থেকে পাথরে যায় ঐ যুবতী, জীবনসমান
সেই যাওয়া কি চরিত্র নয়?
আরেক রকম চরিত্রবান।

পরে পড়বো
৬৩০
মন্তব্য করতে ক্লিক করুন