সুবোধ সরকার

কবিতা - বাঁকুড়ার বসন্ত

সুবোধ সরকার
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ বিবিধ কবিতা

আমি ছেলেটির জন্য কিছু করতে পারিনি।
কাল সারারাত আমি মরমে মরে গেছি।
বাঁকুড়ার পলাশ দেখতে এসে গেস্ট হাউসের
ঘর থেকে বেরোতে পারছি না।
পলাশ না দেখলে বসন্ত দেখা হয় না
বলে যাঁরা ভাবেন আমি সেই অপরাধীদের একজন।
কাল সারারাত আমি ছটফট করেছি বিছানায়
যেন আমার পলাশ হয়েছে, বসন্ত হয়নি।

আমি ছেলেটির জন্য কিছু করতে পারিনি।
কিন্তু ছেলেটি আমার জন্য করেছে
সে তো কয়েকটা ভাল কবিতা লিখেছে।
তিনমাস হল তার কোনও কাজ নেই
তার বউ শাক পাতা ছিঁড়ে এনে
তিনমাস চালিয়েছে, আর পারছে না।
পড়াতে যাচ্ছি বলে ছেলেটা অনেক দূরে
একটা পুকুরে গিয়ে বসে থাকে ।
পুকুরের জলকে জিজ্ঞেস করে, আজ রাতে আমি
কী খেতে দেব বুড়ো বাপকে?
কী খেতে দেব মেয়েটাকে?

রাতে সাহস করে গেলাম ছেলেটার বাড়ি,
কবির বাড়ি
গিয়ে অবাক হয়ে গেলাম।
দশদিন বাদে তাদের উঠোনে আজ ভাত বসেছে
দড়ির মতো বুড়ো বাবা,শুকিয়ে যাওয়া বউ ছেলে নিয়ে
কবি পাগলের মতো গাইছে:
‘আজ জ্যোৎসারাতে সবাই গেছে বনে’।

রবীন্দ্রনাথ, এটাই আপনার জীবনে সেরা বসন্ত।

বাঁকুড়ার কবির জন্য আমি কিছু করতে পারিনি
কিন্তু সে তো কবিতা লিখেছে।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন