খেয়েছো?
কী মধুর ছোট একটা শব্দ
কিন্তু জ্যোৎস্নার মতো গাঢ়
জ্ঞানচর্চার মতো জায়মান।
খেয়েছো?
আমাকে জিজ্ঞেস করত আমার বুড়ো মা
ভাত বেড়ে দিতে দিতে নিজেই ভাতের হাঁড়ি হয়ে
দরজায় বসে থাকত মা।
খেয়েছো?
জিজ্ঞেস করত একটা পরের বাড়ির মেয়ে
পরের বাড়ির মেয়ে নিজের বাড়ির হয়ে উঠলে
আসল জ্যোৎস্না ওঠে রাতে।
তাকে ক্যানসার নিয়ে নিল।
খেয়েছো?
জিজ্ঞেস করত সেই ছোট্ট রোরো
সোনার খোঁজে সে এখন আমেরিকা।
কেউ আর জিজ্ঞেস করে না
খেয়েছো?
আমি একটা আশি তলার ঘরে বসে বলি
নির্জনতা ,এসো
আমরা দুজন মিলে দুজনকে খাই।
দক্ষিণের হাওয়া এসে চুল নেড়ে জানতে চায়
খেয়েছো?

মন্তব্য করতে ক্লিক করুন