সুবোধ সরকার

কবিতা - ময়ূরপঙ্খী

সুবোধ সরকার
রবিবার, ০১ জুন ২০২৫ অন্যান্য কবিতা

মেয়ে হলে কি নাম রাখতে
কি নাম… কি নাম…
কি নাম রাখতাম… ময়ূরপঙ্খী …
কম করে ঊনিশজন কবি লেখক অধ্যাপক
বলেছেন
বুঝলে … এক ছেলে, ছেলে নয়
তোমার একটা মেয়ে দরকার
ছেলে খারাপ হলে বিপদ
ছেলে ভালো হলেও বিপদ
খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে
ভালো হলে আমেরিকা কেড়ে নেবে
মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী
ভুল বললাম … বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী
ছোট্ট ছোট্ট পা … ছোট্ট ছোট্ট হাত
টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে
ময়ূরপঙ্খী … মা তুই আমাকে ভালবাসবি তো
ছেড়ে যাবিনা তো ?
এ্যাপ্লাই করেছো ? জিজ্ঞেস করলো সমস্বরে তিনজন
আমি বললাম দেখেও এসেছি
যে কোনদিন হোম থেকে টেলিফোন এলে
ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে
চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো
সে তার চার বছরের দাদা রোরো’বাবুর সংগে
কাদা হয়ে ঘুমিয়ে থাকবে
এ্যাপ্লাই করেছ? মাত্র দুটো শব্দ
দুটো ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগে নি
রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি
এসে জিজ্ঞেস করলো
এ্যাপ্লাই করেছ? আমার জন্যে তুমি এ্যাপ্লাই করেছ?
হাওড়া ,শেয়ালদা, চৌরঙ্গী ,
কালীঘাট , শোভাবাজার ফুটপাত থেকে
ছোট্ট ছোট্ট কচি হাত
হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভিতর
আমার জন্যে তুমি এ্যাপ্লাই করেছ?
বাকি রাত উঠে বসে থাকি
আমার সামনে কাকভোর
ফুটপাত আর ফুটপাত ঘুমিয়ে রয়েছে
এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী
আমরা কি পারিনা হোম থেকে ,রাস্তা থেকে ফুটপাত থেকে
একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে , পারি না কি ?

পরে পড়বো
১২৩৯
মন্তব্য করতে ক্লিক করুন