যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুম ;
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিত্কারে |
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত
কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় |
সে ভাষা বোঝেনা কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার |
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের-----
পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশাভরা চোখে |
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান ;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ , মৃত আর ধ্বংসস্তুপ--পিঠে
চলে যেতে হবে আমাদের |
চলে যাব----তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি-----
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার |
অবশেষে সব কাজ সেরে,
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস ||
কবিতা — ছাড়পত্র
বুধবার, ১১ অক্টোবর ২০২৩
সাম্য-জীবনমুখী কবিতা
৩৪১১
এআই বিশ্লেষণ (মূলভাব)
'ছাড়পত্র' কবি সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত আশাবাদী কবিতা। এখানে কবি সদ্য ভূমিষ্ঠ শিশুর আগমনের মাধ্যমে নতুন যুগের বার্তা প্রকাশ করেছেন। পুরানো জীর্ণ পৃথিবীকে পেছনে ফেলে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার প্রকাশ পেয়েছে এই কবিতায়। কবি নিজের আত্মত্যাগের মাধ্যমে নতুনদের পথ সুগম করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈