মোহাম্মদ তৌকির আহমেদ

কবিতা - পাখি

মোহাম্মদ তৌকির আহমেদ
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

একসময় ভাবতাম আমি
নিষ্পাপ, স্বাধীন, নির্ঞ্জাল হব
পাখিদের মতো—
ঘাস খড়কুটোর বাসা বাঁধবো
একটা মেয়ে পাখি
আর কয়েকটা ছেলেপুলে থাকবে
বনে উড়ে বেরোব
তাদের মুখে অন্য দেব,
একটা খাস জমিন,
রাষ্ট্রহীন আকাশ।

এখন বয়স কুড়ি—
সমাজের পোষা প্রাণী।
ঘাস খড়কুটোর অনেক দাম,
আর মেয়ে পাখি তো অমূল্য—
ভালোবাসা আর প্রেমিকের মাঝে
লোহার গেট।
অর্ধেক জীবন পুড়িয়ে বাসা বানালেও
ঝড়ে তা ভেঙে যেতে পারে—
আবার গাছটাও কেউ কেটে ফেলতে পারে—
উন্নয়নের নামে।
কোনো মেয়ে পাখি নাও আসতে পারে
তোমার বাসাতে—কারণ
নিরাপত্তা এখন শর্তসাপেক্ষ।

তার সাথে আকাশের প্রায়
অনেকটা কালো করে উড়ে
ছোট বড় বাজ পাখি—
যখন তখন ঘাড় দিয়ে
রক্ত বের হতে পারে,
পরিসংখ্যান হয়ে।

তবু কয়েকটা স্বপ্ন
আর দায়িত্বের বর্ম
গলায় জড়িয়ে আকাশে উড়াল দিই—
লক্ষ্য এক ঝলক আলোর ছটা দেখব,
ছায়ার সাথে পাল্লা দিয়ে উড়বো।

কিন্তু বর্মে খুব ছোট দড়ি।
হেচকা টানে পেছনে তাকিয়ে দেখি—
দুই জোড়া চোখ
তাকিয়ে আছে শূন্যে।
আমাকে ফিরতে হবে,
ফিরতে হবে জীবিত।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন