এতবার ধ্বংস হয়ে গেছি,দ্যাখো,তবু ধ্বংস অভ্যাস হল না।
আজও এত কষ্ট হয়,ধ্বংস হতে বড় কষ্ট হয়।
প্রত্যেক নিঃশেষ থেকে,দ্যাখো,সে-ই মৃত্যু থেকে উঠে
ফিরে যাচ্ছি জন্মলগ্নে,ফিরে যাচ্ছি প্রাণপণে,
হামাগুড়ি দিয়ে,বুকে হেঁটে।
এতবার,এতবার মরি,দ্যাখো,তবু মৃত্যু বিশ্বাস করি না।
যুদ্ধক্ষেত্রে হাতড়ে হাতড়ে খুঁজে ফিরি মুখ,ঝরামুখ।
মাতৃপিতৃমুখ ওগো, সন্তানের মুখ ওরে,ওঠো—
যুদ্ধ শেষ হয়ে গেছে। পরবর্তী যুদ্ধটির আগে
আবার বসতি গড়ব।আরেকবার ভালবেসে নেব।
অস্ত্র পুঁতে ধান করব আদিগন্ত ক্ষেতে।
এতবার পুড়ে গেছি,ভেসে গেছি,তবু দ্যাখো,এখনও ভুলিনি
সমস্ত ধ্বংসের পরও মানুষ কেমন করে জেতে….

মন্তব্য করতে ক্লিক করুন